শিরোনাম
বিচারের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে ডালিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

মোরেলগঞ্জে ডালিমের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

বাগেরহাটের মোরেলগঞ্জে ডালিম মল্লিক নামে এক যুবকের বিরুদ্ধে মাছ লুট, চাঁদা দাবি, মারধর, জমিতে বাধা, নারীদের সঙ্গে অসদাচরণ ও ছাত্রী উত্ত্যক্তসহ নানা অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে ডালিম মল্লিক এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে একাধিক মৎস্যঘের থেকে জোরপূর্বক মাছ নিয়ে যাওয়া, চাঁদা দাবি, রাতে হিন্দু পাড়ার বাড়িতে অনধিকার প্রবেশ করে নারীদের সঙ্গে অসদাচরণ এবং স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চানমিয়া জোমাদ্দার ও তার ছেলে রাজিব জোমাদ্দারকে প্রকাশ্যে মারধর করে গুরুতর আহত করার ঘটনাতেও ডালিম মল্লিক জড়িত। এছাড়া নূরুল ইসলাম নামে এক কৃষকের ৪০ শতক জমিতে জোরপূর্বক লাল পতাকা টানিয়ে সেখানে ফসল ফলাতে বাধা দেওয়ার অভিযোগও করেন তারা।

এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ৮০ জন গ্রামবাসী গণস্বাক্ষর করে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান স্থানীয়রা।

এর মধ্যে সর্বশেষ রোববার (২৭ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ শহরে রওশন আরা ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত, অশ্লীল আচরণ ও ভিডিও ধারণের অভিযোগ ওঠে ডালিম মল্লিকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা করেছেন।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় তাৎক্ষণিক মামলা নেওয়া হয়েছে। মামলায় ডালিম মল্লিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মানববন্ধনে ওমর আলী শেখ, শুকুর জোমাদ্দার, ইলিয়াস ফরাজী, নাদিম হোসেন, আব্বাস মোল্লা, খোকন তালুকদার ও কালাম মোল্লাসহ স্থানীয়রা বক্তব্য দেন। বক্তারা ডালিম মল্লিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর