নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ এবং দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে থানারহাট জিরো পয়েন্টে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, সিএনজি চালক, ব্যবসায়ী, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যাত্রীরা অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দীর্ঘ প্রায় এক বছর ধরে ভাঙাচোরা ও বড় বড় খানাখন্দে ভরে রয়েছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং সড়কটি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িক সংস্কারের পরিবর্তে দ্রুত টেকসই ও স্থায়ীভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানান তারা।
এ সময় বক্তারা সড়কে অবাধে চলাচলকারী অতিরিক্ত বালুবাহী ভারী ট্রাক নিয়ন্ত্রণেও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাদের দাবি, অতিরিক্ত ওজন বহনকারী এসব ট্রাকের কারণে নতুন নির্মিত সড়কও অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তাই সড়ক সংস্কারের পাশাপাশি ভারী যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ না নিলে সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সড়ক বারবার নষ্ট হবে এবং জনদুর্ভোগ অব্যাহত থাকবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার এবং ভারী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।