পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মো. হারুন আর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হারুন আর রশিদ ওই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি দল বোদা থানার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় হারুন আর রশিদের বসতবাড়ির ভবনের পূর্ব পাশে ধানক্ষেতের মাঝখান থেকে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।
অভিযানে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, গ্রেপ্তার হারুন আর রশিদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।