শিরোনাম

পঞ্চগড়ে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু

পঞ্চগড়ে পৃথক ঘটনায় নারীসহ দুজনের মৃত্যু

পঞ্চগড়ে পৃথক ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ট্রাকের চাপায় এবং অন্যজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জেলার বোদা ও সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বোয়ালমারী এলাকায় যাচ্ছিলেন জুলেখা বেগম (৫৫)। মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালীবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তিনি ভ্যান থেকে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুল কুদ্দুসের স্ত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পঞ্চগড় সদর উপজেলার চারমাইল বোদাপাড়া এলাকায় নিজ বাসায় কাঠমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে। পঞ্চগড় সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুতপা বণিক জানান, দুপুর পৌনে ১টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর