নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও এসকফের পর এবার ভারত থেকে বাংলাদেশে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’ (Win Cerex Cough) ফেনসিডিলের আদলে তৈরি বোতলে বাজারজাত করা এই সিরাপের একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে নতুন ধরনের এই মাদক প্রবেশের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মাগুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়। পরে রোববার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
তিনি জানান, সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠের একটি ধানক্ষেতে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে—এমন ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘উইন সেরেক্স কফ’ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক আরও বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা নতুন নতুন মাদক ও পাচারের কৌশল ব্যবহার করছে। জব্দ করা উইন সেরেক্স কফ ফেনসিডিলের মতোই একটি মাদক হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ফেনসিডিলের দাম বেড়ে যাওয়ায় মাদকসেবীদের একটি অংশ নতুন এই সিরাপের দিকে ঝুঁকতে পারে। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকেও ভাবিয়ে তুলেছে। নতুন এই মাদকের বিস্তার ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সীমান্তে নতুন মাদকের এই চালান জব্দের ঘটনা মাদক চোরাচালানের ধরন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখনই কার্যকর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে নতুন এই মাদক তরুণ সমাজের জন্য আরও একটি ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।