শিরোনাম

সৈয়দপুরে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সৈয়দপুরে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রতিনিধি, সৈয়দপুর, নীলফামারী: নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) সৈয়দপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, বিনা মূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং ও ডেন্টাল ক্যাম্প, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহরের সুলতাননগরে অবস্থিত সৈয়দপুর ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল চত্বরে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহ মো. মতিয়ার রহমান, সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. প্রভাষ চন্দ্র রায়, মেডিক্যাল অফিসার ডা. মাহারুখ সাদী (হেনা) এবং মেডিক্যাল অফিসার ও ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডা. আবু সাঈদ মো. ফিরোজ (রকি)।

সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতালের সুপারভাইজার মো. আনোয়ারুল হক শাহাজীর সঞ্চালনায় সভায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মো. আনোয়ার হোসেন, সদস্য ইকবাল হোসেন ভোলাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহ মো. মতিয়ার রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কেক কাটা হয় এবং একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সৈয়দপুর ডায়াবেটিস হাসপাতালের সামনের সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর ডায়াবেটিক সমিতির সদস্য, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগী অংশ নেন।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর