নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। তাদের ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।
রোববার রাতে এনায়েতনগর ইউনিয়নের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন ও শিশুটির পরিবার একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে থানায় নেওয়ার সময় স্থানীয় কয়েকজন পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইটের টুকরো ওসি মাহাবুব আলমের মাথায় লাগে। এতে তিনি আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হয়।
ওসি মাহাবুব আলম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করতে গেলে উত্তেজিত জনতা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় একটি ইটের আঘাতে তিনি আহত হন। পরে জাকির হোসেনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম আহমেদ জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আটক জাকির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।