সিলেট মহানগরে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসঙ্গত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অপ্রয়োজনীয় মোটরসাইকেল চলাচল সীমিত করা হয়েছে। এ সময় জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) আফজাল হোসেন কালবেলাকে বলেন, মোটরসাইকেল ব্যবহার করে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাতের অপ্রয়োজনীয় চলাচল সীমিত করা হচ্ছে। নগরীর প্রবেশ ও বের হওয়ার পথসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে মোটরসাইকেল চালকদের যাচাই-বাছাই করা হবে।
তিনি জানান, হাসপাতাল কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে চলাচলকারীদের এ বিধিনিষেধের আওতায় ছাড় দেওয়া হবে। পাশাপাশি অনিবন্ধিত মোটরসাইকেল এবং অন্যের কাছে যানবাহন সরবরাহ করে অপরাধ সংঘটনের বিষয়টিও পুলিশের নজরদারিতে থাকবে।
আফজাল হোসেন বলেন, সিলেট মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গত এক সপ্তাহের বিশেষ তৎপরতায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা কমেছে এবং বড় কোনো ছিনতাইয়ের ঘটনাও ঘটেনি।
এ সময় নগরবাসীকে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানানো এবং নিজেদের যানবাহন নিরাপদ স্থানে রাখার আহ্বান জানান তিনি।