নরসিংদী পৌর এলাকার বানিয়াছল, বিলাসদী ও তরোয়া বিলের পানি নিষ্কাশনের একমাত্র খালটি দখল ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, আরশিনগর হয়ে হাড়িধোয়া নদীতে মিশে যাওয়া গুরুত্বপূর্ণ এই খালের প্রায় ৯০ শতাংশই ইতোমধ্যে দখলের পথে।
অভিযোগ রয়েছে, পৌরসভা কর্তৃক রেলস্টেশন সংলগ্ন খালের একটি অংশ ভরাট করে রাস্তা নির্মাণের পর পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। ফলে বানিয়াছল, বিলাসদী ও তরোয়া এলাকার নিম্নাঞ্চলে দীর্ঘদিন ধরে পানি জমে স্থায়ী জলাশয়ের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জমে থাকা পানিতে পচন ও দুর্গন্ধ ছড়াচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলে এসব জলাবদ্ধ এলাকা অনেকটা উন্মুক্ত ডাস্টবিনে পরিণত হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে খাল দখলের নতুন কৌশল হিসেবে আরশিনগর অংশে বালু ফেলে খাল ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আরশিনগর সুইচগেটের পরবর্তী অংশে নতুন করে বালু ফেলে খালের জায়গা দখলের চেষ্টা চলছে।
পরিবেশকর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই পানি নিষ্কাশন পথটি দখল ও ভরাট হতে থাকলে ভবিষ্যতে বর্ষাকালে নরসিংদী পৌর এলাকার বিস্তীর্ণ অংশে জলাবদ্ধতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
খালটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ পুনরুদ্ধারে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।