শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম পর্যালোচনা, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু সালেহ মো. মূসা জঙ্গীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বজায় রাখা ও জনসেবার মান বাড়াতে কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এডিস মশার বিস্তার রোধে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর