দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৯০২ জন রোগী ভর্তি হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে। চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে পুরুষের হার প্রায় ৪৮ শতাংশ এবং নারীর হার ৫২ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।
হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৩৬০ জন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৮২ হাজার ৩৩৫ জন।
নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকা সিটি করপোরেশনের বাইরের ঢাকা বিভাগে ৪০১ জন, খুলনায় ৩০৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২১৬ জন, রাজশাহীতে ১০৫ জন, ময়মনসিংহে ৯৮ জন এবং রংপুরে ৬৬ জন রয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।