শারদীয় দুর্গাপূজা ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড বা নাশকতা ঘটাতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। এ জন্য সীমান্তে ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কালীতলা সীমান্ত এলাকার দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
তিনি বলেন, সীমান্তের কোনো একটি নির্দিষ্ট অংশ নয়, পুরো সীমান্ত এলাকাকেই গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে দায়িত্ব পালন করছে বিজিবি। সীমান্তের উভয় পাশ দিয়ে অপরাধীদের যাতায়াতের আশঙ্কা থাকায় সর্বত্র নজরদারি রাখা হচ্ছে। কোনো এলাকাকে আলাদাভাবে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত না করা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন।
এর আগে সেক্টর কমান্ডার কালীতলা এলাকার তিনটি পৃথক দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পরিদর্শনকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদসহ বিজিবির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।