নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের দা-এর আঘাতে মো. এলাহী মিয়া (৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে এলাহী ও ইয়াসিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন দা দিয়ে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই এলাহী নিহত হন বলে অভিযোগ।
খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াসিনকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া শুরু করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা নিহতের ঘটনায় ইয়াসিনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে।