খুলনা সদর সাব-রেজিস্ট্রার তন্ময় মণ্ডলকে ৫ থেকে ৬ জন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়ে ওঠে। পরে তন্ময় মণ্ডল নিজ কার্যালয়ে ফিরে এসে জানান, কয়েকজন যুবক তাকে তুলে নিয়ে যায় এবং একটি জমির কাগজ দেখায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে। তন্ময় মণ্ডলের সঙ্গে পুলিশের কথা হয়েছে। তবে তিনি এখনও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য বা লিখিত অভিযোগ দিতে পারেননি।
পুলিশ জানায়, জমির কাগজপত্র দেখানোর কথা বলে তন্ময় মণ্ডলকে তার ইচ্ছার বিরুদ্ধে খুলনা নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি রহস্যজনক হওয়ায় এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অফিসপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, তন্ময় মণ্ডলকে তুলে নিয়ে যাওয়া ব্যক্তিরা খুলনার চিহ্নিত ‘বি কোম্পানি’ গ্রুপের সদস্য। তবে এ দাবির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।