শিরোনাম

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ: আব্দুল হালিম

জনগণের অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ: আব্দুল হালিম

জনগণের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় ১১ দলীয় ঐক্য লং মার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা–রংপুর লং মার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল হালিম বলেন, “আমরা যেসব দাবিতে লং মার্চ করছি, এগুলো জামায়াতের কোনো দাবি নয়; এগুলো জনগণের দাবি।”

গণভোটের গণরায় বাস্তবায়ন হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে দলীয়করণ বন্ধ, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্য নিয়ে আত্মত্যাগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, তিস্তাপাড়ের মানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁরা আন্দোলন করছেন। সরকার এ বিষয়ে উদ্যোগী হলেও কোনো পরোক্ষ শক্তির কারণে সেই উদ্যোগ থেমে গেলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

রংপুরে গণমানুষের দাবির আন্দোলনে চট্টগ্রামের তুলনায় আরও বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াতের এই নেতা।

এদিকে, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা–রংপুর লং মার্চের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে মঙ্গলবার সকালে নগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে লং মার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে নেতৃবৃন্দ রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন। এ সময় তাঁরা জানান, গণভোটের গণরায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দলীয়করণ, দখলদারিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে রংপুর লং মার্চ অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দাবি, কর্মসূচিতে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন। উত্তরবঙ্গের ২২টি আসনের মধ্যে ১৮টিতে জামায়াতের প্রার্থী নির্বাচিত হওয়ায় রংপুর বিভাগীয় লং মার্চ চট্টগ্রামের চেয়ে বড় হবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।

পরিদর্শনকালে রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাশেম বাদল, জামায়াত নেতা বেলাল, কিবরিয়া আলমগীরসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর