শিরোনাম

শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন হয়নি: শিবির সভাপতি

শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন হয়নি: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু রাষ্ট্রের কাঠামোগত কোনো পরিবর্তন এখনো ঘটেনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “একটা দৈত্য-দানব আমাদের হাত থেকে বিতাড়িত হয়েছে। নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে বাংলাদেশ ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে গঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশ আমরা গঠন করতে ব্যর্থ হয়েছি। শুধু একটি ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু রাষ্ট্রের স্ট্রাকচারাল কোনো পরিবর্তন এখনো ঘটেনি।”

জুলাই চার্টার ও গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি দাবি করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের সামনে যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়ন করেনি। তাঁর অভিযোগ, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার হলে স্থায়ীভাবে ক্ষমতা কুক্ষিগত করার সুযোগ থাকবে না—এ কারণেই সংস্কার কার্যক্রমে গড়িমসি করা হচ্ছে।

তিনি বলেন, সংবিধানের মৌলিক সংস্কার এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে যে আলোচনা হয়েছিল, সেসব প্রতিশ্রুতিও যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি।

ছাত্রসংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরে শিবির সভাপতি বলেন, তাঁদের সংগঠন কোনো শিক্ষার্থীর ওপর হামলা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত এক বছরে ছাত্রশিবিরের হাতে কোনো শিক্ষার্থী সহিংসতার শিকার হয়নি বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে বিভিন্ন সময়ে ক্যাম্পাস ও হাসপাতালে হামলার অভিযোগ তুলে তিনি ছাত্রদলের সমালোচনা করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অনুষ্ঠানে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জামায়াতে ইসলামীর লংমার্চ নিয়েও কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, লংমার্চকে লংড্রাইভ বলা হচ্ছে কি না—এ নিয়ে আলোচনা না করে এর উদ্দেশ্য ও দাবিগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের রায় বাস্তবায়ন, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

মিডিয়ার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের মূল দাবি থেকে আলোচনা সরিয়ে অন্য বিষয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি এটিকে “মিডিয়া সন্ত্রাস” হিসেবে উল্লেখ করেন।

রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডল ও উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অনার্স প্রথম বর্ষের ১৮ বিভাগের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর