জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শর্ট কোর্সে দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের জুলাই-ডিসেম্বর সেশনের ভর্তি কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থী ভর্তি না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে জানতে চেয়ে গত ৮ জুন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় ১ জুলাই বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি তাগিদপত্র জারি করা হয়।
তাগিদপত্রে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে পাঠদানের অনুমোদন বাতিলও রয়েছে।
ঠাকুরগাঁওয়ে অনুমোদন হারানোর ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলো হলো—
- টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও সদর
- ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বঙ্গবন্ধু রোড, ঠাকুরগাঁও সদর
- রিলিমেক্স এডুকেশন ইনস্টিটিউট, ঠাকুরগাঁও সদর
- স্নাইপার আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, সালন্দর, ঠাকুরগাঁও সদর
- স্কলার্স আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট, ঠাকুরগাঁও সদর
বিটিইবি সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ের এই পাঁচটি প্রতিষ্ঠান ছাড়াও দেশের বিভিন্ন জেলার মোট ১০৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থী ভর্তিতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।