শিরোনাম

মাদকের বিরুদ্ধে সৈয়দপুরে সামাজিক প্রতিরোধ, বয়কটের ঘোষণা

মাদকের বিরুদ্ধে সৈয়দপুরে সামাজিক প্রতিরোধ, বয়কটের ঘোষণা

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিকভাবে বয়কট করতে সৈয়দপুরে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুরের পুবালী স্কাউট বিজ্ঞান ক্লাবে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পুবালী স্কাউটের সভাপতি এরশাদ হোসেন পাপ্পুর আহ্বানে অনুষ্ঠিত সভাটি গভীর রাত পর্যন্ত চলে। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান বক্তব্য দেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এ সময় সাংবাদিক এম আর আলম ঝন্টু, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, নজরুল ইসলাম, সেকেন্দার আলী, মনজুর আলম, শেখ কুতুব উদ্দিন, নওশাদ আনসারী, সুলতান, সোহাগ প্রামাণিক, তারিকুল ইসলাম, জাস্টিস, কুতুব উদ্দিন আলো, রুহুল আমিন, অপু ইমরান ও সাবেক কাউন্সিলর আব্দুল খালেক সাবুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও পেশাজীবীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিকভাবে তাদের বয়কটের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় মাদকবিরোধী জনসচেতনতা বাড়ানো, মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও সামাজিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া, মাদকবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তপথে মাদক প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া মাদক কারবারিদের বাড়ি চিহ্নিত করে স্থানীয়ভাবে সতর্কতামূলক ব্যবস্থা, মাদক মামলায় দ্রুত জামিনের সুযোগ কমাতে কার্যকর আইনি উদ্যোগ এবং রাজনৈতিক বা অন্য কোনোভাবে মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।

সভায় সিদ্ধান্ত হয়, সৈয়দপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সচেতন নাগরিকদের নিয়ে পৃথক মাদকবিরোধী কমিটি গঠন করা হবে। এসব কমিটি স্থানীয়ভাবে মাদকবিরোধী সচেতনতা তৈরি, মাদক কারবারিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কাজ করবে।

সভায় প্রাথমিকভাবে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে পুবালী স্কাউটের সভাপতি এরশাদ হোসেন পাপ্পুকে আহ্বায়ক, অ্যাডভোকেট গোলাম রাব্বানীকে যুগ্ম আহ্বায়ক এবং সেকেন্দার আলীকে সদস্য সচিব করা হয়েছে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে শহরজুড়ে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন সমাজের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে সৈয়দপুরকে মাদকমুক্ত করা সম্ভব।

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সভায় আহ্বায়ক এরশাদ হোসেন পাপ্পু বলেন, “মাদক এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়; এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তাই দল-মত ও পেশার ঊর্ধ্বে উঠে সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই উদ্যোগ কোনো একক সংগঠনের নয়, এটি সৈয়দপুরের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ। প্রতিটি ওয়ার্ডের মানুষকে সম্পৃক্ত করে আমরা একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চাই।”

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর