শিরোনাম

কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি, বাংলায় এল হেমন্ত

কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি, বাংলায় এল হেমন্ত

হেমন্তের আগমনে গাজীপুরের কালীগঞ্জের প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগাম বার্তা। ভোরের শিশির, কুয়াশার নরম আবরণ আর মাঠে মাঠে আমন ধানের শীষ—সব মিলিয়ে গ্রামবাংলার প্রকৃতিতে দেখা দিচ্ছে ঋতু পরিবর্তনের চিরচেনা রূপ।

বাংলার ছয় ঋতুর মধ্যে হেমন্ত শরৎ ও শীতের মধ্যবর্তী এক সেতুবন্ধন। শরতের স্নিগ্ধতা পেরিয়ে প্রকৃতি এখন ধীরে ধীরে ধারণ করছে শীতের আবহ। কার্তিকের শুরু থেকেই কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ভোরে কুয়াশার উপস্থিতি চোখে পড়ছে। সন্ধ্যার পর থেকে রাতভর হালকা কুয়াশা পড়ছে, যা অনেক সময় সকাল আটটা-নটা পর্যন্ত স্থায়ী হচ্ছে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্তী এলাকার বাসিন্দা ও স্কুলশিক্ষক কাজী কেরামত আলী বলেন, “আমি প্রায়ই সকালে হাঁটতে বের হই। কয়েক দিন ধরে ভোরে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। মনে হচ্ছে, শীত নেমে এসেছে।”

এদিকে মাঠে মাঠে আমন ধান পাকতে শুরু করার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা। কোথাও ধানের শীষে দোল খাচ্ছে নতুন ফসল, কোথাও আবার পরবর্তী মৌসুমের সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছেন কৃষকেরা। গ্রামীণ জনপদে কৃষিকাজের ব্যস্ততার পাশাপাশি অনুভূত হচ্ছে শীতের আগমনী আমেজ।

হেমন্তের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু সূর্যের আলোয় ঝিলমিল করে। শিউলি ফুলের সুবাস, পাখির ডাক আর মাঠের সোনালি আভা প্রকৃতিতে ছড়িয়ে দেয় স্নিগ্ধতা। গ্রামের পথঘাট, পুকুরপাড় ও ফসলের মাঠে ঋতু পরিবর্তনের এই দৃশ্য যেন নতুন করে জানান দেয় বাংলার চিরায়ত সৌন্দর্যের কথা।

রাজধানী ঢাকার আশপাশের বিভিন্ন এলাকাতেও ভোরের বাতাসে অনুভূত হচ্ছে হেমন্তের শীতল পরশ। প্রকৃতির এই পালাবদল গ্রামবাংলার মানুষের দৈনন্দিন জীবন ও কৃষিকাজে নিয়ে আসছে নতুন আবহ।

হেমন্ত শুধু ঋতু পরিবর্তনের নাম নয়; এটি বাংলার কৃষি, প্রকৃতি ও জীবনের এক বিশেষ অধ্যায়। আমন ধানের সোনালি সম্ভাবনা আর শিশিরভেজা সকালের স্নিগ্ধতা নিয়ে হেমন্ত আবারও মুগ্ধ করছে বাংলার প্রকৃতিপ্রেমীদের।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর