গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ কর্মসূচির আওতায় পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় সভাটির আয়োজন করে পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্ট লিমিটেড।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইইউজিআইপি প্রকল্পের জিআইসিডি বিভাগের দলনেতা ড. আজহার আলী। সভা সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্ল্যানার কে.এম. আবুল বাশার, আরবান প্ল্যানার নাজমুস সাদাত, পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, টিএলসিসি ও ডব্লিউএলসিসির সদস্য, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে টেকসই অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং কার্যকর পরিকল্পনা ও তদারকি জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে।
উন্মুক্ত আলোচনায় পৌর এলাকার নগরসেবা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি নগর ব্যবস্থাপনা শক্তিশালীকরণ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।