শিরোনাম

উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

বরিশালের উজিরপুর উপজেলায় মৎস্য বিভাগের বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

অভিযানে ২৫৩টি চায়না দুয়ারি জাল, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ৬৭টি বোডা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে পরিবেশসম্মত উপায়ে সেগুলো ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিপন শিকদার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, অফিস সহকারী শৈলেন ঘরামী, অফিস সহায়ক মো. রাজীব হোসেন, জাতীয় মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মোর্শেদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার মাছের প্রজনন, পোনা সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জেলেদের সচেতন করতে প্রচারণাও অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর