শিরোনাম

নীলফামারীতে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, আটক ২০

নীলফামারীতে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, আটক ২০

নীলফামারীতে মাদক মামলার এক আসামিকে আদালতে নেওয়ার পথে পুলিশকে বাধা ও হট্টগোলের ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সৈয়দপুর এলাকা থেকে সুজন ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

শনিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে সুজনকে আদালতে পাঠানোর জন্য বের করা হলে তাঁর স্বজন ও স্থানীয় কয়েকজন জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হন। এ সময় তাঁরা আসামির মুক্তির দাবিতে হট্টগোল করেন এবং পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে পুলিশের দাবি।

পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে থানায় নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ডিমলা এলাকার এক মাদক মামলার আসামিকে আদালতে নেওয়ার সময় কিছু লোক এসপি কার্যালয়ের সামনে হট্টগোল করে পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ২০ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন কি না, তা জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর