শিরোনাম

২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

২৭ জুলাই শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

বহুল আলোচিত শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল এবং বিচার কার্যক্রম আগামী সোমবার (২৭ জুলাই) শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শনিবার (২৫ জুলাই) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

প্রসিকিউশন সূত্র জানায়, গত ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবুকে এ মামলায় গ্রেপ্তার দেখান।

এর আগে ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে প্রসিকিউশন। ওইদিন ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অভিযানের সময় সংঘটিত ঘটনাকে ঘিরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডা. দীপু মনির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একই সঙ্গে একাত্তর টেলিভিশনের মাধ্যমে ওই ঘটনা নিয়ে উসকানিমূলক প্রচারের অভিযোগ আনা হয়েছে সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, আগামী ২৭ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের মধ্য দিয়ে বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর