পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এ হামলা হয়। রেসকিউ ১১২২-এর কর্মকর্তাদের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।
উদ্ধারকারী সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালানো হয়। আহতদের মধ্যে ১৮ জনকে দারাজিন্দার বিভিন্ন চিকিৎসাকেন্দ্র এবং ডেরা ইসমাইল খানের মুফতি মাহমুদ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় চেকপোস্টটি অবস্থিত। বিস্ফোরণের ধরন ও হামলার বিস্তারিত কারণ জানতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
উদ্ধার অভিযানে ২৫ জনের বেশি কর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স ও একটি ফায়ার সার্ভিসের গাড়ি অংশ নেয়। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলাটিকে ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-এর ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।
পুলিশের বরাতে আলজাজিরা জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।