সাতক্ষীরায় পুলিশের হেফাজতে থাকা মাদক মামলার আসামি শফিকুল ইসলাম হাতকড়া পরা অবস্থায় আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফের গ্রেপ্তার হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালতের ১০ তলা ভবনের তৃতীয় তলায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে নেওয়ার সময় তিনি পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের পাশের একটি অটোস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে।
শফিকুল ইসলাম পাটকেলঘাটা থানার রাড়িপাড়া গ্রামের সবুজ সানার ছেলে। তিনি পাটকেলঘাটা থানার একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং আরেকটি বিচারাধীন মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি শফিকুলকে তার বাড়ি থেকে তিন বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এছাড়া পাটকেলঘাটা থানার আরেকটি মাদক মামলায় ২০২৫ সালে পলাতক অবস্থায় তার দুই বছরের সাজা হয়। মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, দুইটি মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি শফিকুলকে বুধবার আদালতে নেওয়ার পর তিনি পালিয়ে যান। পরে পাটকেলঘাটার দিকে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হক জানান, দুপুরের দিকে আদালতে নেওয়ার পথে শফিকুল পালিয়ে যান। বিকেল ৪টার দিকে তাকে পুনরায় গ্রেপ্তার করে বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে নতুন কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।