শিরোনাম

নীলফামারীতে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নীলফামারীতে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে নীলফামারীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শ্রমিক দল, জলঢাকা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দুপুরে পৌর মার্কেট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক নুর মোস্তফা মেজো, জলঢাকা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, ডোমার সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব লোকমান হোসেন লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, জেলা তাঁতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাওয়ার এই সময়ে আওয়ামী লীগ একটি স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁরা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও দেশের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখবেন তাঁরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর