মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিনেই নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট মৎস্য আড়তে উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে সকালে বসুরহাট মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল ওহাবের আড়ত থেকে ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।
অভিযানের সময় আড়তের মালিক আব্দুল ওহাব সেখানে না থাকলেও প্রতিষ্ঠানের ম্যানেজার বেলায়েত হোসেনকে আটক করা হয়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেলায়েত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা ইলিশ পরে স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।