দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে পার্বতীপুরে দলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করছেন। তাঁর উদ্যোগে পাল্টা কর্মসূচি ঘোষণা করাকে অগণতান্ত্রিক, অসাংগঠনিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানান তিনি।
পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, আগামী ১ সেপ্টেম্বর শহরের ঢাকা মোড় এলাকায় পাল্টা প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচির বিপরীতে পাল্টা কর্মসূচি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তবে পাল্টা কর্মসূচিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অধিকার হিসেবে দেখছেন দলের স্থানীয় আরেক অংশের নেতারা।
পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপি করেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবেন। তাঁদের পক্ষ থেকে প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঢাকা মোড়ে তাঁরা কর্মসূচি পালন করবেন। অন্য পক্ষ চাইলে অন্য জায়গায় কর্মসূচি পালন করতে পারে—এতে তাঁদের কোনো বাধা নেই।
পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পার্বতীপুরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সতর্ক ভূমিকার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।