বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না। তবে তিনি দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানো হবে, যাতে আইনের মুখোমুখি করে আদালতের রায় কার্যকর করা যায়।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা দলের নেতাকর্মীদের দিশেহারা অবস্থায় রেখে গেছেন। এখন নতুন করে রাজনৈতিক প্রচারণা চালানো হচ্ছে, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তবে তাঁর দাবি, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না, ফিরতে পারবেন না।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা রুখতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কোনোভাবেই দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান এবং সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি।
সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।