শিরোনাম
জনমনে আতংক

লোকমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী ‘কিলার শরীফ’ এখন শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

লোকমান হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী ‘কিলার শরীফ’ এখন শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক

নরসিংদীর বহুল আলোচিত প্রয়াত মেয়র লোকমান হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি শরীফ ওরফে ‘কিলার শরীফ’ বর্তমানে শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মামলার তদন্ত নথি অনুযায়ী, শরীফ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছিলেন। মামলার নথিতে উল্লেখ রয়েছে, ওই জবানবন্দিতে তিনি মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। পরবর্তীতে মামলার চার্জশিটেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

সম্প্রতি শিবপুর উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাকে কোঅপ্ট করার বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের একটি অংশ এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে।

উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দলের একটি প্রভাবশালী চক্র শরীফকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। তাদের দাবি, শরীফ ও তার ভাইকে ব্যবহার করে এলাকায় অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হচ্ছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তবে এসব অভিযোগের বিষয়ে শরীফের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।”

অন্যদিকে, জেলা শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, “বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার পর উপজেলা শ্রমিক দলের নেতাদের কাছে জানতে চাই। তারা জানান, একজন পদত্যাগ করায় শরীফকে কোঅপ্ট করা হয়েছে। তবে তার মতো একজন আত্মস্বীকৃত খুনিকে না নিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেত কি না—এ বিষয়ে জানতে চাইলে তারা নরসিংদী এসে বিস্তারিত জানাবেন বলে আর যোগাযোগ করেননি। একজন আত্মস্বীকৃত খুনিকে দলীয় পদ দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলেও তিনি মনে করেন।”

তবে এ বিষয়ে শিবপুর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত ব্যাখ্যা পাওয়া যায়নি। শরীফের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র লোকমান হোসেন হত্যা মামলা দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যা মামলা হিসেবে পরিচিত। বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়া নরসিংদীর জনসভায় যোগ দিয়ে তিনি এ হত্যাকান্ডের বিচার দাবী করেছিলেন। 
মামলাটি এখনো বিচারাধীন/আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অতিক্রম করেছে। এ অবস্থায় চার্জশিটভুক্ত এক আসামির দলীয় গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তি নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর