শিরোনাম

সীমান্তে মানব পাচার-চোরাচালান রোধে বিজিবি সজাগ: রিজিয়ন কমান্ডার

সীমান্তে মানব পাচার-চোরাচালান রোধে বিজিবি সজাগ: রিজিয়ন কমান্ডার

বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেছেন, সীমান্তে কার্যকর নজরদারি জোরদারের পাশাপাশি মানব পাচার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মাধুপাড়া বিজিবি বিওপি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের বলেন, নীলফামারী ৫৬ বিজিবির টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী ২২ কিলোমিটার সীমান্ত এলাকার মাঝামাঝি স্থানে মাধুপাড়া বিওপি স্থাপন করা হয়েছে। নতুন এই বিওপি সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে নীলফামারী ব্যাটালিয়নের অপারেশনাল সক্ষমতাও আরও বৃদ্ধি পাবে।

তিনি নতুন বিওপিতে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাসের ফিতা কেটে মাধুপাড়া বিওপির উদ্বোধন করেন। পরে তিনি প্যারেড গ্রহণ, রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন এবং সুইচ চেপে বিওপির নামফলক উন্মোচন করেন। এ সময় তিনি বিওপি চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সীমান্তের নিরাপত্তা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর