ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার প্রতীক পাওয়ার পর থেকেই ভোটের মাঠে সরব হয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। আগামী ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন।
তিনি বলেন, নির্বাচনে পুলিশের সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে।
এদিকে প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম। সংঘাত বা অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্যও তিনি প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানান।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।