চট্টগ্রামের জেলা ও মহানগরের প্রায় ৭০টি আদালতে অঘোষিতভাবে কাজ করছেন তিন শতাধিক উমেদার। আদালতের নথি সংরক্ষণ, মামলার তারিখ জানানো, সমন ও ওয়ারেন্ট প্রক্রিয়াসহ বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন তারা। তবে এসব অননুমোদিত কর্মীর কারও বিরুদ্ধে বিচারপ্রার্থীদের হয়রানি, অর্থ আদায় এবং মামলার নথি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আবার দীর্ঘ সময় কাজ করেও অনেক উমেদার নামমাত্র পারিশ্রমিক পাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
আদালতের বেঞ্চ সহকারী, পেশকার ও সেরেস্তাদারদের অধীনে কাজ করা এসব উমেদারের কারও কারও কর্মকাল ১৫ থেকে ২০ বছর, এমনকি তারও বেশি। দীর্ঘদিন ধরে আদালতে কাজ করার কারণে অনেক বিচারপ্রার্থী তাদের নিয়মিত আদালতকর্মী বলে মনে করেন। এই পরিচয়ের সুযোগ নিয়ে কিছু উমেদার বিচারপ্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় ও হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, কিছু উমেদারের বিরুদ্ধে মামলার নথি গায়েব, নথিতে পরিবর্তন এবং বিচারিক গোপনীয়তা ফাঁসের মতো গুরুতর অভিযোগও রয়েছে। অন্যদিকে, কোনো কোনো উমেদারকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও নামমাত্র পারিশ্রমিকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। চাকরির সংকটের কারণে অনেকে এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছেন।
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিনের জনবল সংকট ও মামলা বৃদ্ধির কারণে আদালতে উমেদার দিয়ে কাজ করানোর অনানুষ্ঠানিক রীতি গড়ে উঠেছে। আদালতের সংখ্যা ও মামলার চাপ বাড়লেও সে অনুযায়ী কর্মচারী নিয়োগ না হওয়ায় সংশ্লিষ্ট কর্মচারীরা নিজেদের সহায়তায় উমেদারদের দিয়ে বিভিন্ন কাজ করিয়ে থাকেন। তবে নিয়োগ বা আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় তাদের জবাবদিহিতার আওতায় আনা কঠিন হয়ে পড়ে। উমেদার না রাখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম জেলা জজশিপের প্রশাসনিক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন যুগান্তরকে বলেন, জেলার আদালতগুলোতে বর্তমানে কর্মচারী সংকট নেই। ফলে উমেদার রাখার প্রয়োজনীয়তাও নেই। কোনো আদালতে উমেদার কাজ করলেও তা প্রশাসনের জানা নেই বলে তিনি দাবি করেন।
চট্টগ্রাম মহানগর জজশিপের প্রশাসনিক কর্মকর্তা দীপেন দাশগুপ্ত যুগান্তরকে বলেন, উমেদারদের নিয়ে সুবিধা-অসুবিধা দুটোই রয়েছে। জনবল সংকটের কারণে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বা পেশকাররা নিজেদের সুবিধার্থে তাদের দিয়ে কাজ করান। এতে বিচারপ্রার্থীরাও দ্রুত সেবা পেয়ে থাকেন। তবে কোনো কোনো ক্ষেত্রে বিচারপ্রার্থীরা উমেদারদের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন না, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। এ সীমাবদ্ধতা ও সংকট দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়মে পরিণত হয়েছে।
সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, পারিবারিক আদালত, পরিবেশ আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ নগরী ও জেলায় প্রায় ৭০টি আদালত রয়েছে। এসব আদালতের অধীনে তিন শতাধিক উমেদার বিভিন্ন কাজে যুক্ত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
তারা মূলত আদালতের পেশকার, সেরেস্তাদার ও বেঞ্চ সহকারীদের কাজে সহযোগিতা করেন। মামলার নথি সংরক্ষণ, বিচারপ্রার্থীদের মামলার তারিখ জানানো, সমন ও ওয়ারেন্ট পাঠানোর প্রক্রিয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আদালতে কাজ করার সুবাদে কিছু উমেদার বিচারপ্রার্থীদের কাছে নিজেদের প্রভাব বিস্তার করেন। কেউ কেউ অর্থ আদায়, মামলার নথি নিয়ে অনিয়ম কিংবা স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।
বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে উমেদার হিসেবে কাজ করছেন এমন কয়েকজনের নামও উঠে এসেছে। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, পটিয়া প্রথম সিনিয়র সিভিল জজ আদালতে নূর উদ্দিন, প্রথম যুগ্ম জজ আদালতে শংকর, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মিন্টু এবং পরিবেশ আদালতে পিন্টু কাজ করছেন। এদের মধ্যে শংকর, মিন্টু ও পিন্টু সহোদর বলে সূত্র জানিয়েছে।
এ ছাড়া দ্বিতীয় যুগ্ম জজ আদালতে মো. আরিফ ও মহিউদ্দিন, তৃতীয় যুগ্ম জজ আদালতে করিম, তৃতীয় সহকারী জজ আদালতে শহীদ এবং পঞ্চম সহকারী জজ আদালতে মাকসুদ ও মো. আজাদ কাজ করছেন বলে জানা গেছে। মহানগর দায়রা জজ আদালতেও শিবু নামের একজন উমেদার রয়েছেন। তাদের কারও কারও বিরুদ্ধে বিচারপ্রার্থীদের হয়রানির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব ব্যক্তির কেউ কেউ ১০ থেকে ২০-২৫ বছর ধরে আদালতে কাজ করছেন।
বিভিন্ন আদালতে কর্মরত আরও উমেদারের নাম হিসেবে সূত্রের তালিকায় সমীর, আবদুল হক, শান্তিপদ, আরিফ, জনি, মাঈনুদ্দিন, মহিউদ্দিন, শাহাবুদ্দিন, খসরু, অনিক, রূপম, লিটন, টিপু, শাহাদাত, বাবুল, ইলিয়াছ, নাছির, তুহিন, আবদুস সাত্তার, করিমন, তালেব, মাঈনুল, জিহান, ফজল, মনি, জুহি, ছোটন, জিয়া, নেপাল, রাসেল, শাহ আলম, সজল, উজ্জ্বল, পারভেজ, ইমন, আলম, সাকিব, রাকিব, নয়ন, শওকত, সিদ্দিক, উত্তম ও তপনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
বহিরাগত উমেদার প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুস সাত্তার যুগান্তরকে বলেন, চট্টগ্রামের প্রায় প্রতিটি আদালতে একজন পেশকারের অধীনে একাধিক উমেদার রয়েছেন। জনবল সংকটের কারণেই তাদের রাখা হয়েছে। মামলার চাপ এত বেশি যে একজন কর্মচারীর পক্ষে একটি আদালতের নথি প্রস্তুত থেকে শুরু করে সব প্রক্রিয়া সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। এ সংকট নিরসনে আদালতের জনবল বাড়ানো জরুরি। পাশাপাশি অবৈধ উমেদার না রাখার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর পিপি অ্যাডভোকেট শফিউল মোরশেদ চৌধুরী যুগান্তরকে বলেন, উমেদাররা আদালতে কাজ করলেও অনেকের বিরুদ্ধে মামলার নথি নিয়ে বিচারপ্রার্থীদের জিম্মি করে অনিয়ম করার অভিযোগ রয়েছে। তাদের মাধ্যমে সেবার চেয়ে ঝুঁকি বেশি তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত।