রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান নিয়ে রাশিয়া থেকে বিশেষ কার্গো আজ দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দেশে পৌঁছানোর পর বিশেষ নিরাপত্তাব্যবস্থায় ইউরেনিয়াম পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গোটি দেশে আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত চালানটি আসেনি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইউরেনিয়ামবাহী বিশেষ কার্গো আনার ক্ষেত্রে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ওই সময় চালানটি বাতিল করা হয়। পরে পাকিস্তানের অনুমতি পাওয়ার পর নতুন করে চালানটি দেশে আনার সময় নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের সাতটি চালান আসার কথা রয়েছে। এসব চালানের মাধ্যমে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এদিকে রূপপুরের প্রথম ইউনিটে তিন মাসেরও বেশি সময় আগে পারমাণবিক জ্বালানি লোড করা হলেও নিরাপত্তাসংক্রান্ত ত্রুটির কারণে এখনো বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। সেফটি ভাল্বের ত্রুটি সংশোধনসহ প্রয়োজনীয় কাজ শেষ হলে উৎপাদনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।