শিরোনাম

ছক্কায় সেঞ্চুরি, ম্যাককালামকে ছাড়িয়ে রেকর্ডের দ্বিতীয় স্থানে পন্ত

ছক্কায় সেঞ্চুরি, ম্যাককালামকে ছাড়িয়ে রেকর্ডের দ্বিতীয় স্থানে পন্ত

টেস্ট ক্রিকেটে ঋষভ পন্তের ব্যাটিং মানেই ঝুঁকি, সাহস আর দর্শকদের জন্য বাড়তি বিনোদন। কখনো পরিস্থিতির দাবি মেনে ব্যাটিং করলেও মুহূর্তেই আক্রমণাত্মক হয়ে উঠতে পারেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি রেকর্ডের তালিকায়ও নতুন জায়গা করে নিয়েছেন তিনি।

ওয়েলিংটন টেস্টে ১২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন পন্ত। মাত্র ৯১ ইনিংসেই টেস্টে তাঁর সেঞ্চুরি সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। এ ছাড়া সাতবার নব্বইয়ের ঘরে গিয়ে শতরান থেকে বঞ্চিত হয়েছেন এই ভারতীয় ব্যাটার।

চোটের কারণে গত আগস্টের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছিলেন না পন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্ট ছিল তাঁর সর্বশেষ ম্যাচ। এরপর অক্টোবরে ইরানি ট্রফিতে সাইড স্ট্রেইনের কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। নিউজিল্যান্ড সফরের আগে ভারত 'এ' দলের হয়েও খেলার সুযোগ হয়নি। দীর্ঘ বিরতি ও চোটের ধকল কাটিয়ে ফিরেই এমন দুর্দান্ত ইনিংস খেলায় তাঁর প্রত্যাবর্তন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

ভারতের প্রথম ইনিংসে পন্তের পাশাপাশি সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুলও। তাঁর সংগ্রহ ১৩৬ রান। এ ছাড়া পঞ্চাশের বেশি রান করেছেন যশস্বী জয়সোয়াল, দেবদূত পাড়িক্কাল, শুবমান গিল ও ধ্রুব জুরেল। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫২ রানের লিড নেয় ভারত।

জবাবে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। এখনো ভারতের চেয়ে ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিক দল।

পন্তের সেঞ্চুরির পরিসংখ্যানও বেশ উল্লেখযোগ্য। তাঁর ৯টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৭টি এসেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মাটিতে। প্রতিকূল পরিবেশেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বারবার।

এবার ছক্কার রেকর্ডেও এগিয়ে গেলেন পন্ত। সেঞ্চুরি পূর্ণ করতে মারা ছক্কাটি ছিল টেস্টে তাঁর ১০৮তম। এর মধ্য দিয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

টেস্টে প্রতি ৪৭.৯৩ বল মোকাবিলায় একটি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে পন্তের। ১০০ বা তার বেশি ছক্কা মারা ব্যাটারদের মধ্যে পরের অবস্থানে থাকা অ্যাডাম গিলক্রিস্টের ক্ষেত্রে এই হার ৬৭.৯২ বলে একটি ছক্কা।

ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করার অভ্যাসও যেন পন্তের ব্যাটিংয়ের বিশেষ বৈশিষ্ট্য। টেস্টে এ নিয়ে চতুর্থবার ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন তিনি। দিনের খেলা শেষে নিজের পছন্দের বিষয়টি জানিয়ে পন্ত বলেন, ‘বেশিরভাগ সময়ই আমি ছক্কা মেরেই সেঞ্চুরি করতে চাই। সে কারণে কয়েকবার ৯০-এর ঘরে আউটও হয়েছি।’

উইকেটকিপার ব্যাটারদের টেস্ট সেঞ্চুরির তালিকাতেও উন্নতি করেছেন পন্ত। ইংল্যান্ডের লেস অ্যামসকে ছাড়িয়ে ৯ সেঞ্চুরি নিয়ে এখন তৃতীয় স্থানে তিনি। এই তালিকায় ১৭ সেঞ্চুরি নিয়ে শীর্ষে অ্যাডাম গিলক্রিস্ট এবং ১২ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যান্ডি ফ্লাওয়ার। লেস অ্যামসের সেঞ্চুরি ছিল ৮টি।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর