জুলাই সনদ বাস্তবায়নে ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে আলোচনা করবে সরকার। সংবিধান সংস্কারবিষয়ক আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেসব বিষয় জুলাই সনদ অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করে সংশোধন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উন্নয়নবঞ্চিত উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বড় ধরনের বরাদ্দ দিয়ে কাজ করছে। এ অঞ্চলে শিল্প-কলকারখানা গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্বের সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসু জামান সামু, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেক, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ অন্যরা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মৃতি স্মরণীয় করে রাখতে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে গেটটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৩১ আগস্ট।