শিরোনাম

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী অনিমা গ্রেফতার

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী অনিমা গ্রেফতার
ছবি প্রতিনিধি

 রংপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) শাখার সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম গোপনে পরিচালনা এবং সরকারবিরোধী অপতৎপরতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি জানান, অনিমা জামান প্রমার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সরকারবিরোধী অপতৎপরতার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আড়ালে ছিলেন বলে জানা গেছে। তবে গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। গত বছরের ১৪ আগস্ট নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়ার নিজ বাসা থেকে আতাউর জামান বাবুকে গ্রেফতার করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি) রাখা হয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর