শিরোনাম

মোংলায় গোডাউন থেকে ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

মোংলায় গোডাউন থেকে ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

বাগেরহাটের মোংলায় একটি মুদি ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেলে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোরের মালিক সবুর তালুকদারের গোডাউনে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গোডাউন থেকে ৭৮ ব্যারেলে মজুদ করা ১৫ হাজার ৬০০ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। তেলগুলো অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে এনে মজুদ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে এসব তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রির অভিযোগও রয়েছে ব্যবসায়ী সবুর তালুকদারের বিরুদ্ধে।

অভিযানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী উপস্থিত ছিলেন। কোস্ট গার্ডের সঙ্গে পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পৌর শহরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দ করা তেল পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও র‍্যাবের একটি অভিযানে একই ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল জব্দ করা হয়েছিল।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর