শিরোনাম

পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের রাবেয়ার মোড় এলাকার সোনাপুকুর নয়া মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। বিকেলে ঘটনাস্থল থেকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনোরঞ্জন রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের অসীম চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুরের নয়া মোল্লাপাড়া গ্রামের আজিজুল মাস্টারের বসতবাড়ি-সংলগ্ন রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামানের সঙ্গে আগে থেকেই বিরোধ চলছিল। রোববার দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসার জন্য সেখানে উপস্থিত হন শিক্ষক মনোরঞ্জন রায়।

অভিযোগ অনুযায়ী, এ সময় আসাদুজ্জামান ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন মনোরঞ্জন রায়ের মাথায় আঘাত করেন। এতে তিনি পাশের ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পার্বতীপুর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আসাদুজ্জামানকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর