স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে অটোরিকশাযোগে লং মার্চ করেছেন ক্যাম্পবাসীরা। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে ক্যাম্প উচ্ছেদ বন্ধ, মৌলিক ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) এসপিজেআরসি সৈয়দপুর শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কয়েকটি অটোরিকশায় ব্যানার ও ফেস্টুন নিয়ে ক্যাম্পবাসীরা অংশ নেন। লং মার্চের মাধ্যমে তারা নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
কর্মসূচির প্রচারপত্রে জানানো হয়, ক্যাম্পবাসীদের স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে সংহতি প্রকাশ এবং স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পবাসীদের উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে—উচ্ছেদ হওয়া ক্যাম্পবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্যাম্প উচ্ছেদ না করা, পুনর্বাসন না হওয়া পর্যন্ত ক্যাম্পবাসীদের নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না করা এবং সব ক্যাম্প নিয়মিত করার পাশাপাশি ক্যাম্পবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
আয়োজকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্যাম্পে বসবাস করলেও এখানকার মানুষের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। এ অবস্থায় পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা না করে ক্যাম্প উচ্ছেদ করা হলে বিপুলসংখ্যক মানুষ আবাসন ও নাগরিক অধিকার নিয়ে নতুন সংকটে পড়তে পারেন।
তারা বলেন, ক্যাম্প উচ্ছেদের আগে সংশ্লিষ্ট বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের নাগরিক ও মৌলিক সুযোগ-সুবিধা অব্যাহত রাখার দাবিও জানান তারা।
লং মার্চের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থায়ী পুনর্বাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কথা জানানো হয়েছে।