শিরোনাম

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছাকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর মতে, পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা বিশ্বে বিরল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

সম্প্রতি শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র। ভারতের দিল্লি থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর মুখপাত্র এ তথ্য জানান।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘এটি একটা হাস্যকর ঘটনা। এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, যে মুখপাত্র এই দাবি করেছেন, এটা তাঁর একটা উন্মাদনা ছাড়া আর কিছু নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব, এই জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’

এদিকে, বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের বিভিন্ন তৎপরতা নিয়ে সরকারের ব্যর্থতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তাঁরা কোনো কার্যক্রম করছেন না। অন্য দেশে তাঁদের তৎপরতা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখা যাচ্ছে।

তিনি দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলটির সদস্যদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আন্তর্জাতিক পরিসরে প্রমাণিত হচ্ছে।

আসামিদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর