চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু নাফিজ হোসেনকে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
উদ্ধার হওয়া শিশু নাফিজ হোসেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের রুবেল হোসেনের ছেলে। গ্রেপ্তার দুজন হলেন একই গ্রামের মো. মানিকুজ্জামান ও তাঁর স্ত্রী সুজিআরা বেগম।
পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে নাফিজকে নিয়ে স্থানীয় একটি বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরা সুজিআরা বেগম শিশুটিকে জোরপূর্বক তাঁর কাছ থেকে নিয়ে যান বলে অভিযোগ। পরে নাফিজের বাবা শিবগঞ্জ থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে নাফিজকে উদ্ধার করা হয়। এ সময় সুজিআরা বেগম ও মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মানিকুজ্জামান ও সুজিআরা বেগম নিঃসন্তান। সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকেই তাঁরা শিশুটিকে অপহরণ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী শিশু হওয়ায় ঘটনাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।