পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা কারও পকেটের ভোটার নন। তাঁরা স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের মানচিত্রের পক্ষে।
সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান একসঙ্গে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন। অথচ যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের সংশ্লিষ্ট একটি অংশ এখন মব সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। সনাতন সম্প্রদায়ের মানুষকে প্রলোভন ও কুপ্ররোচনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে সরকার প্রশাসনিকভাবে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। বিএনপি বিশ্বাস করে, হিন্দু-মুসলিম ঐক্যের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়নসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।