সাতক্ষীরার কালীগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ৮০৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গোডাউনের মালিক ও স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার মৌতলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। মোজাম্মেল মেম্বারের বাড়ির পাশের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন। এ সময় কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইউএনও তানিয়া আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা ইউনিয়নের একটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন ধরনের সার অবৈধভাবে মজুত রাখা হয়েছিল। গোডাউন থেকে ইউরিয়া, ডিএপি, এসওপি ও অন্যান্য ধরনের মোট ৮০৩ বস্তা সার জব্দ করা হয়। এসব সারের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
তিনি জানান, অবৈধভাবে সার মজুতের দায়ে গোডাউনের মালিক মোজাম্মেল মেম্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান ইউএনও।