শিরোনাম
সংবাদ সম্মেলন দুপুরে

প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেবেন ইশরাক

প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেবেন ইশরাক
ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন ইশরাক হোসেন। এরপর দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা জানাবেন তিনি।

ইশরাক হোসেনের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটির দাবি, ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র প্রস্তুত করা হয়েছে।

সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি।

পোস্টে তিনি পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানানো ব্যক্তিদের উদ্দেশে আক্ষেপ প্রকাশ করেন। একই সঙ্গে পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইশরাক বলেন, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তারে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের একটি বস্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক। ওই অভিযানে মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানের সময় তাঁর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরবর্তী সময়ে রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ইশরাক হোসেন তখন ওই খবরকে গুজব বলে উল্লেখ করেন। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা তাঁর নির্ধারিত সংবাদ সম্মেলনের পর স্পষ্ট হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর