শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে উত্তরের জনপদ নীলফামারীর কিশোরগঞ্জে। এ সময় ছিন্নমূল ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এলাকার কৃতী সন্তান ও ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা মামুনুর রশিদ মাজু। প্রচারের আলো থেকে দূরে থেকে দীর্ঘদিন ধরে নানা মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি।
কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর মাস্টারপাড়া গ্রামের এই বাসিন্দা অবসর জীবনে এসে মানবিক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়িয়েছেন। জন্মভূমির মানুষের প্রতি ভালোবাসা থেকে বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আকিজ মনোয়ারা ট্রাস্টের সহযোগিতায় কম্বল সংগ্রহ করে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৫০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন মামুনুর রশিদ মাজু।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক জুবায়দ হোসেন রুবেল, আকিজ মনোয়ারা ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক শাহিনুর রহমান, ফিল্ড অফিসার মাসুম রেজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন ৭০ বছর বয়সী জুলেখা বেগম। তিনি বলেন, “শীতে কম্বলটি পেয়ে খুব আনন্দ লাগছে। এই কম্বল দিয়ে শীত নিবারণ করতে পারব।”
কম্বল বিতরণকালে মামুনুর রশিদ মাজু বলেন, “আমি সব সময় আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই।”
শুধু শীতবস্ত্র বিতরণ নয়, এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। নিরাপদ পানির সংকট নিরসনে প্রায় এক দশক ধরে তাঁর উদ্যোগ অব্যাহত রয়েছে। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি আল খায়ের ফাউন্ডেশন ও কুরবান ফাউন্ডেশনের সহযোগিতায় এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের জন্য বিনা মূল্যে টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেছেন বলে জানা গেছে।
অসহায় ও প্রান্তিক পরিবারের খাদ্যনিরাপত্তায়ও কাজ করছেন তিনি। গত প্রায় পাঁচ বছর ধরে শিশু ও বৃদ্ধদের কথা বিবেচনায় রেখে ২৫ ধরনের খাদ্যসামগ্রী দিয়ে প্রায় ৩০০ পরিবারকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন।
ধর্মীয় ও সামাজিক উৎসবেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক এই কর্মকর্তা। তাঁর উদ্যোগে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি রমজানে এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ২০২২ সাল থেকে প্রতি ঈদুল আজহায় পাঁচটি গরু কোরবানি করে অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ এবং চারটি এতিমখানায় প্রতিবছর ছাগল কোরবানির মাধ্যমে এতিম শিশুদের মাংস দেওয়ার ব্যবস্থা করছেন তিনি।
এলাকার অবকাঠামো ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও ভূমিকা রেখেছেন মামুনুর রশিদ মাজু। দেশি-বিদেশি বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় বিভিন্ন মসজিদে প্রায় ৫০টি অজুখানা নির্মাণের ব্যবস্থা করেছেন। গত এক দশকে সরকারি বরাদ্দ ও অনুদান পেতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সহায়তা সংগ্রহেও ভূমিকা রেখেছেন। এ ছাড়া স্থানীয় রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং কয়েকটি হতদরিদ্র পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করেছেন।
নিজের এসব কর্মকাণ্ড নিয়ে প্রচার-প্রচারণায় আগ্রহী নন মামুনুর রশিদ মাজু। নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়াকেই তিনি গুরুত্ব দেন। স্থানীয়দের মতে, তাঁর এসব মানবিক উদ্যোগ কিশোরগঞ্জের অসহায় মানুষের জন্য সহায়তা ও স্বস্তির উৎস হয়ে উঠেছে।