নরসিংদীর মাধবদীতে এক ব্যক্তিকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১১ (এসআরবি-১১)। এ সময় ওই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া গ্রামের রইজ উদ্দিন মোল্লার ছেলে আবুল কালাম (৩২) ও একই গ্রামের হবি মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৭)।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে রবিউল আলম নামে এক ব্যক্তি ঢাকার কামরাঙ্গীরচর থেকে মালামাল নিয়ে নরসিংদীর শেখেরচরে যাওয়ার জন্য একটি পিকআপ ভাড়া করেন। পথে পিকআপে থাকা মালামাল চুরি হয়েছে অভিযোগ তুলে চালক রকিবুল ইসলামের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ২৩ হাজার টাকা দাবি করা হয়। এ সময় রকিবুলকে আটকে রাখা হয়।
পরে খবর পেয়ে রকিবুলের ছোট ভাই রহিবুল ইসলাম রহিম (২৫) শেখেরচর পণ্ডিতবাজারে গেলে তাকে জামিনদার হিসেবে আবুল কালামের বাড়িতে নিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। এরপর রকিবুলকে ছেড়ে দেওয়া হলেও রহিমকে সেখানে আটকে রেখে ১৫-১৬ জন মিলে তিন দিন ধরে নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে রহিমকে মুক্তি দেওয়ার শর্তে রকিবুল ও তার পরিবারের সদস্যদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানায় এসআরবি।
বিষয়টি এসআরবি-১১-এর নজরে এলে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টার দিকে মাধবদী থানার ভগীরথপুর এলাকায় আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে রহিবুল ইসলাম ওরফে রহিমকে উদ্ধার করা হয়। এ সময় আবুল কালাম ও সাইফুল ইসলামকে আটক করা হয়।
এসআরবি-১১ ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম বলেন, অপরাধ দমনের ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি-১১।