শিরোনাম

পরকীয়া করতে গিয়ে জামায়াত কর্মী জনতার হাতে আটক

পরকীয়া করতে গিয়ে জামায়াত কর্মী জনতার হাতে আটক

জামালপুর প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের হাতে আটক চার সন্তানের জনক মো. বাবুল মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী নন বলে দাবি করেছে দলটির সরিষাবাড়ী উপজেলা শাখা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জামায়াতের কর্মী হিসেবে পরিচয় দেওয়া এ প্রচারের প্রতিবাদ জানিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। তবে আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বাবুল নিজেকে জামায়াতের কর্মী বলে দাবি করেছেন।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মো. মনির উদ্দিনের দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের বাবুল মিয়া কে পরকীয়া ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতার হাতে আটকের ঘটনায় জামায়াতের কর্মী হিসেবে প্রচার করা হচ্ছে। অথচ বাবুল মিয়া দলটির কোনো কর্মী নন। পিংনা ইউনিয়ন জামায়াতের কর্মী তালিকায়ও তাঁর নাম নেই।

বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আটক ব্যক্তিকে জামায়াতের কর্মী হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল এবং কোনো অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করা হয়।

 

এতে আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মো. আক্তারুজ্জামান সোহাগ।

অন্যদিকে, স্থানীয়দের জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া নিজেকে জামায়াতের কর্মী বলে দাবি করেছেন। এ ঘটনায় আটক মোর্জিনা খাতুন দাবি করেন, বাবুল মিয়ার সঙ্গে তাঁর চার-পাঁচ বছর ধরে সম্পর্ক রয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, স্থানীয়রা দুজনকে আপত্তিকর অবস্থায় পেয়ে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য,শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের ডোমপাড়া এলাকায় স্থানীয়রা মো. বাবলু মিয়া (৪২) ও মোর্জিনা খাতুনকে (৪০) আটক করেন। বাবলু মিয়া ওই গ্রামের শাহজাহান আলীর ছেলে এবং মোর্জিনা খাতুন একই এলাকার চা বিক্রেতা  আজিজুল হকের স্ত্রী।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর