শিরোনাম

নবীনগরে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

নবীনগরে মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে মুফতি ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ। কৃষ্ণনগর আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করা ওই ছাত্রকে মারধরের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

স্থানীয়দের দাবি, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে ছুটিতে থাকা আব্দুল্লাহকে আবার মাদ্রাসায় পাঠানো হয়। সেখানে ফেরার পর তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ছাত্রের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক মুফতি ইব্রাহিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মাদ্রাসার মুহতামিম মুফতি মহিউদ্দিন আশরাফী বলেন, খবর পেয়ে সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, “আব্দুল্লাহ অত্যন্ত ভালো ছেলে। তার সঙ্গে এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ছাত্রকে মারধরের ঘটনায় ওই শিক্ষক এলাকাবাসীর হাতে অবরুদ্ধ ছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর