শিরোনাম

১৬ মেডিকেল-ডেন্টাল কলেজে ছাত্রদলের ২৯ নেতাকে শোকজ

১৬ মেডিকেল-ডেন্টাল কলেজে ছাত্রদলের ২৯ নেতাকে শোকজ

দলীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের ১৬টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ২৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটি। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানজীম রুবাইয়াত আফিফ ও সদস্য সচিব মোস্তাফিজুল কবীর স্বাক্ষরিত পৃথক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট নেতারা নিজ নিজ কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকলেও সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মসূচিতে তাদের উপস্থিতি ছিল না। বিষয়টি সংগঠনের কাছে প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, কর্মসূচিগুলোতে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—এমন বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত জবাব দিতে হবে।

শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, বসুন্ধরা আদ্-দীন মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, বাংলাদেশ ডেন্টাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব, সিটি ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ ছাড়া ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গ্রীন লাইফ মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইবনে সিনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, আশিয়ান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে।

শোকজের তালিকায় আরও রয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনাইটেড মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, পপুলার মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, এম এইচ শমরিতা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এর আগে গত আগস্টে দেশের ৭৮টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে তানজীম রুবাইয়াত আফিফকে আহ্বায়ক এবং মোস্তাফিজুল কবীরকে সদস্য সচিব করা হয়।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর